সকাল থেকেই দর্শনার্থীদের ভিড়

১৫ অক্টোবর, ২০১৯ ১২:৪৩  
প্রযুক্তির এমন আয়োজন আমাদের দেশে হচ্ছে ভাবতেই ভালো লাগে। এক্সপোতে আসার পর মনে হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশে দাঁড়িয়ে আছি। বেশ কয়েকটি বোরট চোখে পড়ল, ওরা কথাও বলছে। আবার নানা ধরনের উদ্ভাবন সত্যিই চমৎকার। তিনদিন ব্যাপী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো’ এর দ্বিতীয় দিন এমনটাই জানালেন প্রদর্শনীতে ঘুরতে আসা গৃহিনী সাদিয়া তামান্না। রোবটের সঙ্গে হাত মিলিয়ে খিল খিল করে হাসছিলেন তার ছেলে রাতুল। সপরিবারে অনেকেই ভিড় করছেন মেলায়। আবার কেউ কেউ আসছেন বন্ধু বান্ধবের সঙ্গে দল বেঁধে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পদচারণায় মুখর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। প্রদর্শনীর পাশাপাশি অনেকেই এখানে আসছেন কৌতুহল আর আগ্রহ নিয়ে। এদেরই একজন ডেমরার মৃদুল বললেন, ব্লকচেইন আর ক্লাউড সম্পর্কে জানতে এসেছেন তিনি। এসেই থ্রিডি প্রিন্টারে আস্ত একটা হাতের কব্জি তৈরি দেখে তিনি তো অবাক। দেশেই যে এতো কিছু হচ্ছে না দেখলে বিশ্বাস করার উপায় নেই বেলে জানালেন সত্তর্ধ্ব হাসান আলমগীর। ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০১৯’তে আজ রয়েছে কয়েকটি সেমিনার। রয়েছে কনসার্ট। অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনও রয়েছে। এ ছাড়াও প্রযুক্তিপণ্য কেনা যাচ্ছে এক্সপো থেকে। প্যাভেলিয়ন এবং স্টলে নানা ধরনের প্রযুক্তি পণ্যের সমাহারে সাজানো হয়েছে। মেলা ঘুরে এবং আয়োজকদের থেকে জানা যায়, মেলায় দেশীয় প্রযুক্তিপণ্য ও উদ্ভাবনকে প্রাধান্য দিয়ে শীর্ষ নতুন উদ্যোগ খুঁজে পেতে মেলার আগে মাসব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচারমূলক কার্যক্রম চালানো হয়। সেখান থেকে নির্বাচিত সেরা ৩০টি উদ্ভাবন প্রদর্শিত হয় মেলায়। আর প্রদর্শনী শেষ হলে তরুণদের শীর্ষ ১০ উদ্যোগকে ১০ লাখ করে মোট ১ কোটি টাকা বঙ্গবন্ধু উদ্ভাবনী অনুদান (বিআইজি) দেয়া হবে। ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানে তথ্যপ্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, আইডিয়া প্রজেক্ট, এটুআই এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর যৌথ উদ্যোগে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০১৯’ আয়োজন করা হয়েছে। ১৪ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে প্রদর্শনীটি। এ ছাড়াও গেমারদের জন্য এক্সপোতে রয়েছে গেমজোন। সেখানে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। উদ্ভাবনগুলো নিয়ে প্রদর্শনী জুড়েই মানুষের আগ্রহ রয়েছে।